দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) উৎপাদন শুরু করলেও তা স্থায়ী হতে পারেনি। উৎপাদন শুরু হওয়ার মাত্র ১২ ঘণ্টা না পেরোতেই রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি ফের বন্ধ হয়ে যায়।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়েছিল। তবে উৎপাদন কয়েক ঘণ্টার মধ্যেই যান্ত্রিক সমস্যার কারণে থমকে যায়। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, “যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিকেল ৩টা থেকে উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত মেরামত সম্পন্ন করে পুনরায় কারখানা চালু করার চেষ্টা চলছে।”
কারখানাটি প্রায় সাত মাস ধরে অচল ছিল, কারণ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গত ১১ এপ্রিল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তখন প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছিল।
গ্যাস সরবরাহ পুনঃচালুর পর ১৯ অক্টোবর কারখানার যান্ত্রিক প্রস্তুতি শেষে শনিবার রাতে উৎপাদন শুরু হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন যান্ত্রিক জটিলতার কারণে ফের থমকে যায়।
সিইউএফএলের সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪৮–৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আজম খান বলেন, “গ্যাস সরবরাহে আমাদের কোনো বাধা নেই। সরকারিভাবে চাহিদা অনুযায়ী কারখানা চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।”