রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা গ্যাংটির একাধিক সদস্যকে হেফাজতে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে মোহাম্মদপুরের বসিলা এলাকা ও আশপাশের ছয়টি চিহ্নিত স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে গ্যাং সদস্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, ছিনতাই ও অপরাধে ব্যবহৃত একাধিক মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক চাঁন সামুরাই কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ মোট ২২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এই গ্যাংটি মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারধর ও মাদক কারবারে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, এর আগেও এই গ্যাংয়ের সেকেন্ড-ইন-কমান্ড মানিক এবং তার সহযোগী রাজিবকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানের মাধ্যমে গ্যাংটির সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।