মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারের জন্য আনা ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সরকার টু সরকার (জি-টু-জি) ভিত্তিতে গম আমদানি অব্যাহত রয়েছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সদ্য পৌঁছানো চালানটি চুক্তির চতুর্থ কিস্তি।
এর আগে তিনটি পৃথক চালানে দেশে এসেছে যথাক্রমে ৫৬ হাজার ৯৫৯ টন, ৬০ হাজার ৮০২ টন এবং ৬০ হাজার ৮৭৫ টন গম। নতুন চালানসহ মোট চার দফায় দেশে পৌঁছেছে ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম।
খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, সদ্য আগত চালানের গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। মান ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই চালান খালাসের ব্যবস্থা গ্রহণ করা হবে।