Ridge Bangla

চট্টগ্রাম নগরে ৩৩০ জনকে নিষিদ্ধ ঘোষণা সিএমপির

চট্টগ্রাম মহানগরীতে চিহ্নিত ৩৩০ জন সন্ত্রাসীর প্রবেশ এবং অবস্থানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে নগরীতে অবস্থানরত তালিকাভুক্ত দুষ্কৃতকারীদের চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে প্রবেশ ও বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে, দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের বেশিরভাগই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার গুরুতর অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত এই তালিকায় পলাতক সাবেক মন্ত্রী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাসিরুদ্দিনের নামও রয়েছে।

এর আগেও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার। গত বছরের ১১ নভেম্বর তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অস্ত্রধারীদের বিরুদ্ধে সরাসরি কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে সময় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আরও শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি দায়িত্ব নিজে বহনের কথাও উল্লেখ করেন।

এছাড়া, ১৩ আগস্ট বন্দর থানায় পুলিশের ওপর হামলার ঘটনার পর কমিশনার ওয়্যারলেস বার্তায় অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। ওই নির্দেশনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন