চট্টগ্রামের এনায়েতবাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষকে হত্যা করার ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, খুনের ঘটনার মূল আসামি সানি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে অনুযায়ী ইউসুফ ও শাকিলকে নগরীর কোতোয়ালি থানার চৈতন্য গলি এলাকা থেকে আটক করা হয়েছে।
ঘটনার বিস্তারিত অনুসারে, আকাশ ঘোষের সঙ্গে সানির এক মাস আগে মোবাইলের ডিসপ্লে মেরামত সংক্রান্ত দেনাপাওনা ছিল। মেরামতের জন্য ১ হাজার ৫০০ টাকা চাওয়া হয়েছিল, যা আংশিকভাবে পরিশোধ করা হয়। কিন্তু বাকি ১২০০ টাকা পরিশোধের বিষয় নিয়ে সানির সঙ্গে আকাশের তর্ক হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সানি আকাশকে নগরীর কোতোয়ালির কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সানি ও তার সহযোগীরা আকাশকে মারধর এবং ছুরিকাঘাত করে হত্যা করে।
আকাশকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা তাওহিদুল জানান, আকাশের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সানি ক্ষুব্ধ হয়ে হত্যা পরিকল্পনা করে। খুনের পর ছুরিটি নগরীর রিয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন নালা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।