Ridge Bangla

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালায় একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরের সংশ্লিষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিক থেকে একদল লোক ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে তারা সহিংসতার চেষ্টা চালায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ জানান, ঘটনার সময় ভারতীয় সহকারী হাইকমিশনার তার বাসভবনেই অবস্থান করছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

তিনি আরও জানান, হামলার চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার।

ঘটনার পরপরই সিএমপি কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিক্ষোভকারীরা হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের, বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

This post was viewed: 18

আরো পড়ুন