সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বাঁশখালীতে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের চাঁদপুর পুরান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে বাঁশখালীর উদ্দেশ্যে যাচ্ছিল অটোরিকশাটি। পথে পুরান ঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তি মো. আলী হোসেন (৪৭)। তিনি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার বাসিন্দা আমির হামজার ছেলে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
রামদাশহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি জানান, দুর্ঘটনার পর থেকে অটোরিকশার চালক পলাতক। তবে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি বাজেয়াপ্ত করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।