Ridge Bangla

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

ঘুষের বিনিময়ে মাদকবাহী একটি পিকআপ ভ্যান ছেড়ে দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ কারণে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ওই দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলের সময় একটি পিকআপ ভ্যান আটক করেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। এ সময় পিকআপ ভ্যানটিতে বিপুল পরিমাণ গাঁজা থাকা সত্ত্বেও মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে তারা সেটি জব্দ না করে ছেড়ে দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন এবং দ্রুত প্রতিবেদন জমা দিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এসপি স্যারের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্ত করা হয়। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে শুক্রবার প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপরই রাতের মধ্যে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত এসআই জাহিদ আহসানের সঙ্গে একাধিকবার ফোনকলে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি সাড়া দেননি।

This post was viewed: 19

আরো পড়ুন