ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হাসান মোল্লা (৫০) কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে হাসান মোল্লার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছাকাছি হাঁটছিলেন হাসান মোল্লা। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।