নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তার এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কৃষক মোন্তার আলীর ছেলের স্ত্রী আতিয়া (২৩) এবং তার শিশুকন্যা রওজা (১)। এ ঘটনায় মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম (মনেকা) গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোন্তার আলীর বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই ঘরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আতিয়া ও তার শিশুকন্যা।
গুরুতর আহত অবস্থায় মর্জিনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে মোন্তার আলী ও তার ছেলে মিন্টুর চারটি বসতঘর, আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ঘরে থাকা ১২টি ছাগলও আগুনে মারা গেছে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।