Ridge Bangla

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়।

সিভিল ডিফেন্স জানায়, উদ্ধার করা মরদেহগুলো গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের শহীদ কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার বসতবাড়ি, স্কুল ও হাসপাতাল গুঁড়িয়ে পড়ায় এখনও অসংখ্য মানুষ ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম চালানো সত্ত্বেও ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সব এলাকায় তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না।

গাজার সিভিল ডিফেন্স আরও জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা ইতোমধ্যে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দাফন করা হাজারো মরদেহ কবরস্থানগুলোতে স্থানান্তর করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বহু মানুষের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। অব্যাহত হামলা ও মানবিক সংকটে গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

This post was viewed: 18

আরো পড়ুন