গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার খোলাহাটী ইউনিয়নের কদমতলী এলাকা থেকে ৫০ কেজির ২০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু। এ সময় সার পরিবহনের অনিয়মের দায়ে ট্রাকচালক মিন্টু মণ্ডলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত সারগুলো গাইবান্ধার তুলশীঘাট সরকারি গুদাম থেকে পলাশবাড়ী এলাকার ডিলারদের জন্য বরাদ্দ ছিল। তবে সেগুলো কৌশলে কুড়িগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাতে বস্তাবোঝাই ট্রাকটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। প্রথমে বস্তাগুলো পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ মনে হলেও পরে পরীক্ষা করে ভেতরে ইউরিয়া সার পাওয়া যায়। এরপর স্থানীয়রা ট্রাকটি আটক করে উপজেলা কৃষি বিভাগকে অবহিত করেন।
এসিল্যান্ড জাহাঙ্গীর আলম বাবু জানান, জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।