Ridge Bangla

গণ-অভ্যুত্থান দিবসে ‘দেশ’ নামে নতুন সিনেমার কথা জানালেন নিরব

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। সিনেমার নাম ‘দেশ’—যেটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। জানা গেছে, সিনেমাটিতে নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। অর্থাৎ, ‘দেশ’ নাম ধারণ করে একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় উঠবেন তিনি।

চিত্রনায়ক নিরব বলেন, “ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে, তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না।”

তিনি আরও জানান, “এখানে আমার চরিত্রের নামও ‘দেশ’। নিজের নাম যখন দেশ হয়, তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘দেশ’-এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ওইদিন ছবিটির ফার্স্ট লুক উন্মোচনেরও চিন্তা রয়েছে।”

তবে নিরব জানিয়েছেন, কিছু পরিকল্পনা থাকলেও সেগুলো এখনই প্রকাশ করা যাচ্ছে না। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৫ আগস্টেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, একটি সিনেমার কাজ প্রায় শেষ হলেই যেন নতুন সিনেমার খবর নিয়ে হাজির হন নিরব। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ সিনেমাটি, যেখানে তিনি অভিনয় করেছেন। এরপর সেপ্টেম্বরে পরীমনির সঙ্গে জুটি হয়ে তিনি শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমা, যেটি পরিচালনা করেছেন সামছুল হুদা।

This post was viewed: 37

আরো পড়ুন