Ridge Bangla

গণভোটে দেশবাসীকে “হ্যাঁ” ভোটের আহ্বান জামায়াত আমিরের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সঠিক ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

শনিবার (১০ জানুয়ারি) জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক লিখিত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত হয়েছে, যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটানোর সুযোগ এনে দিয়েছে গণভোট। তার ভাষায়, গণভোট মানে জনগণনিয়ন্ত্রিত রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা।

জামায়াত আমির বলেন, এই গণভোটের মাধ্যমে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বাস্তব সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, ‘হ্যাঁ’ ভোট মানেই পরিবর্তনের পক্ষে অবস্থান, জুলাই সনদের প্রতি সমর্থন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি রচিত হতে পারে। এ কারণে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

This post was viewed: 18

আরো পড়ুন