প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুদৃঢ় করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। গণতন্ত্রের পথকে আরও মসৃণ ও কার্যকর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।
ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর নামে শপথ নিয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে, তা জনগণের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য মানুষ নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে। তাই দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক শক্তিকে একযোগে কাজ করতে হবে। প্রথমেই এ অর্জনের জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।