Ridge Bangla

গজারিয়ায় পরিযায়ী পাখি শিকারে সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা

অবৈধভাবে পরিযায়ী পাখি শিকারের ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জনকে অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ স ম হাদিউল ইসলাম ভূঁইয়া (৮১), আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজি ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) ও আরিক আহমেদ (২৭)।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন (২০১২)-এর অধীনে সেনা কর্মকর্তাকে এক লাখ টাকা এবং অন্যদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ঢাকা থেকে এসে ট্রলারযোগে মেঘনা নদী ও আশপাশের চরাঞ্চলে সারাদিন পাখি শিকার করেন। সন্ধ্যায় ফেরার পথে বস্তাভর্তি বিপুল পরিমাণ মৃত পাখি দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাদের আটকে রাখে।

খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের কাছ থেকে সাত বস্তা পরিযায়ী পাখি জব্দ করে। জব্দ করা এসব পাখির পরিমাণ কয়েক মণ হতে পারে বলে জানা গেছে। এছাড়া শিকারে ব্যবহৃত তিনটি শটগান, একটি এয়ারগান ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তাদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় কারাদণ্ড না দিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

This post was viewed: 2

আরো পড়ুন