Ridge Bangla

খুলনায় এনসিপি নেতাকে গুলি, প্রধান আসামি নারীর পরিচয় মিলেছে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার (৪২) মাথায় গুলিতে আহত হয়েছেন। ঘটনার পর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মোসা. তনিমা ওরফে তন্বীকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা মঙ্গলবার বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানায়, সোমবার সকালে মোতালেব শিকদার ও তন্বী সহকারী নিয়ে তন্বীর ফ্ল্যাটে ছিলেন। সেখানে ৪-৫ জনের একটি গ্রুপ প্রবেশ করে মোতালেবকে মারধর ও অর্থ দাবি করে। একপর্যায়ে গুলি চালানো হয়, যা তার মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে যায়। মোতালেব নিজে হেঁটেই হাসপাতালে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তন্বীর বাড়িতে মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল। গুলির পর পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জাম ও অসামাজিক কার্যক্রমের ভিডিও ফুটেজ উদ্ধার করেছে।

মোতালেব ট্রাকচালক এবং খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য। আগে শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি এনসিপিতে যোগ দিয়ে শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক হয়েছেন।

খুলনা মহানগর এনসিপির সংগঠক রাহাত হোসেন বলেন, এই ঘটনার পেছনে কোনো সাংগঠনিক বিষয় নেই। এটি মোতালেবের ব্যক্তিগত বিরোধের ঘটনা। পুলিশ এখনও অস্ত্রধারীদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং তদন্ত চলছে।

This post was viewed: 12

আরো পড়ুন