বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার বয়স ও দীর্ঘদিনের জটিল রোগের বিষয়টি বিবেচনায় নিলে বর্তমান পরিস্থিতিতে তার অবস্থা স্থিতিশীল থাকা একটি স্বস্তির বিষয়। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক জটিলতা বেড়ে যায়। এর ফলেই বর্তমানে তাকে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং চিকিৎসার অগ্রগতিও নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে ডা. জাহিদ বলেন, “আমরা চাই, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতিতে তার যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হোন।”
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। বাসায় অবস্থানকালে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরের তীব্রতা বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনিতে গুরুতর অবনতি ধরা পড়লে তাকে কেবিন থেকে সরিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।