বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সোমবার (১ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান এলাকা ও গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, পথশিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও বিভিন্ন থানা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা ছাড়াও সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকার মাধ্যমে মানবিক দায়বদ্ধতা ও সহমর্মিতা প্রদর্শন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।