Ridge Bangla

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ উদ্দেশে ফ্লাইট শিডিউল ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ল্যান্ডিংয়ের ক্লিয়ারেন্সও প্রদান করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে এবং পরের দিন, অর্থাৎ ১০ ডিসেম্বর, ঢাকা থেকে যাত্রা করবে। ভিভিআইপি মুভমেন্ট হওয়ায় ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট অনুমোদন ও সময়সূচি নিশ্চিত হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ শুরু করবে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। তিনি বলেন, “এ মুহূর্তে নতুন তারিখ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে যেকোনো দিনই তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে।”

খালেদা জিয়ার একজন চিকিৎসক জানান, গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা খুব বেশি পরিবর্তন হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়া ছাড়াও ফ্লাই করার মতো শারীরিক অবস্থা আছে কি না সেটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

বিএনপির একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় যে নতুন এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, তা ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময় পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১০ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

This post was viewed: 35

আরো পড়ুন