বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কি না, তা নির্ভর করছে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের ওপর। গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে যাত্রা স্থগিত হয়ে যায়।
বিএনপির মিডিয়া সেলের এক সূত্র শনিবার (৬ ডিসেম্বর) জানিয়েছেন, রাতের মধ্যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাত্রার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। জার্মানি থেকে আসা নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার (৭ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হলে তিনি অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি হবেন। লন্ডন যাত্রায় সঙ্গে থাকার জন্য তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন।
এর আগে, শুক্রবার অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়। চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, এ প্রক্রিয়ার মাধ্যমে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি যথাযথ সতর্কতা ও পর্যবেক্ষণের সঙ্গে সম্পন্ন হয়েছে।
প্রায় দুই সপ্তাহ ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। এ কারণে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী লন্ডনে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।