সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব কন্যা মানতাহা ইসলাম সানভিকে আটকে রেখে জোরপূর্বক বিদেশ পাঠানোর অভিযোগে নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে মামলা করেন। তবে আদালত সেই অভিযোগ খারিজ করে দেন।
গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোয়েব একটি এজাহার দাখিল করেন। পরে মামলাটি খারিজ করা হয়। এই মামলা খারিজের বিষয়টি তনির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস তার নিজস্ব ফেসবুক পোস্টের মাধ্যমে জানান।
পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সফল মামলার শুনানির পর। সানভিকে ব্যবহার করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বাদীর দায়ের করা মিথ্যা মামলা আদালত আজ খারিজ করে দিয়েছেন। সানভি এখন তার মায়ের পূর্ণ কাস্টডিতেই থাকবে।”
তিনি আরও লিখেছেন, “আজ আদালতে বিবাদী পক্ষের হয়ে জোরালো সাবমিশন উপস্থাপন করি। আদালত তাতে সন্তুষ্ট হয়ে ন্যায়বিচারের পক্ষে আদেশ দিয়েছেন। সত্যের জয় হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অত্র মামলার বাদী আমাকে ডাল-ভাতের দাওয়াত দিয়েছেন। তাই আপাতত আপনাকে বাসায় গিয়ে (হুটকি) ভর্তা দিয়ে ভাত খেয়ে, আমার মক্কেলের কাবিনের টাকা প্রস্তুত রাখার পরামর্শ রইল। আর মামলার পরবর্তী তারিখে আমার ঢাকার জজকোর্ট চেম্বারে বিরিয়ানির দাওয়াত রইল, আজকে মামলায় জয়ের ট্রিট হিসেবে ইনশাআল্লাহ। আমি বাক্য দিয়ে নয়, কাজে প্রমাণ দিই।”
সোয়েব জানান, ২০১৩ সালের ২৮ জুন তনির সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি মেয়ে সানভি জন্ম নেয়। দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হয়ে যান। আদালতের নির্দেশে শিশু হওয়ায় সানভি মায়ের কাছেই থাকছে। তবে আদালত বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দিলেও তনি সেই সুযোগ দিচ্ছেন না বলে সোয়েব অভিযোগ করেন। তার দাবি, তনি মেয়েকে ঢাকায় আটকে রেখে নানা অজুহাতে তার সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন।
সোয়েবের দাবি অনুযায়ী, আলাদা হওয়ার পর তনি দ্বিতীয়বার শাহাদাৎ হোসাইনকে বিয়ে করেন এবং তার মৃত্যুর পর ইংল্যান্ডপ্রবাসী সিদ্দিককে বিয়ে করেন। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে সিদ্দিকের কাছে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সোয়েব অভিযোগ করেছিলেন, তনি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুকে ব্যবহার করে ব্যবসায়িকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, যা শিশুর মানসিক চাপ সৃষ্টি করছে। তবে এসব অভিযোগ আদালতে খারিজ হয়েছে।
মামলাটি খারিজ হওয়ার পর তনি নিজ আইনজীবী জান্নাতুল ফেরদৌসের পোস্ট ফেসবুকে শেয়ার করেন এবং মেয়ে ও আইনজীবীদের সঙ্গে ছবি প্রকাশ করেন।