হলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা জেমস ক্যামেরন, যার হাতে তৈরি ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। তিনি গত কয়েক বছর ধরে নিজ দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকের ধারণা ছিল, দেশটির প্রাকৃতিক সৌন্দর্যই হয়তো তাকে টেনে নিয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা।
সম্প্রতি ‘ইন ডেপথ উইথ গ্রাহাম বেসিঞ্জার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন জানান, নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার পেছনে প্রকৃতির চেয়ে বড় ভূমিকা রেখেছে দেশটির বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত ও সামাজিক ঐক্য। বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ড সরকারের অবস্থান তাকে গভীরভাবে প্রভাবিত করে।
ক্যামেরনের ভাষায়, কোভিডের সময় নিউজিল্যান্ড দু-দুবার ভাইরাস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এমনকি তৃতীয়বার মিউটেশনের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়লেও তখন দেশটির টিকাদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সে সময় টিকাদানের হার নেমে আসে প্রায় ৬২ শতাংশে, যা ক্রমশ আরও কমছিল।
যুক্তরাষ্ট্রের সামাজিক বিভাজন ও বিজ্ঞানবিরোধী মানসিকতার কড়া সমালোচনা করে এই নির্মাতা বলেন, “আপনি কোথায় থাকতে চাইবেন? এমন একটি জায়গায়, যেখানে মানুষ সত্যিই বিজ্ঞানে বিশ্বাস করে, মানসিকভাবে সুস্থ এবং একটি অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে? নাকি এমন এক দেশে, যেখানে সবাই সবার বিরুদ্ধে দাঁড়িয়ে, চরমভাবে বিভক্ত, বিজ্ঞানকে উপেক্ষা করছে এবং আরেকটি মহামারি এলে পুরোপুরি বিশৃঙ্খলায় পড়ে যাবে?”
ক্যামেরনের সিদ্ধান্তের পেছনে কোভিড-১৯ মহামারি ছিল মূল টার্নিং পয়েন্ট হলেও নিউজিল্যান্ডের সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। ১৯৯৪ সালে প্রথমবার দেশটিতে সফরের সময় থেকেই তিনি এক ধরনের আত্মিক সংযোগ অনুভব করেন। পরবর্তীতে ২০১১ সালে সেখানে একটি খামারবাড়ি কেনার পর নিয়মিত যাতায়াত শুরু করেন।
সবশেষে, ২০২০ সালের আগস্টে মহামারির মধ্যেই পরিবারসহ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জেমস ক্যামেরন।