রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপ থেকে একে একে এসব মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কদমতলী চৌরাস্তা এলাকার আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত টিনশেড গ্যাস লাইটার কারখানায় দুপুর ১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও চারটি ইউনিট যোগ দিলে মোট সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।