উত্তরাঞ্চল কৃষিনির্ভর এলাকা হওয়ায় এ অঞ্চলের উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করা সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কৃষক ভালো থাকলেই দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত হবে।
শনিবার দুপুরে নীলফামারী পৌর মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষি উপকরণ সহজলভ্য করা হবে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের কৃষিঋণের একটি অংশ, সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত, মওকুফের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, নীলফামারীকে আধুনিক ও পরিকল্পিত জেলায় রূপান্তর করা হবে। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করা এবং সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সামাজিক নিরাপত্তা জোরদারে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থার কথাও বলেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে গতি আসবে। এ ছাড়া রাস্তাঘাট উন্নয়ন, নতুন স্কুল-কলেজ ও মেডিকেল কলেজ স্থাপন এবং শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকার হরণকারীরা দেশ ছাড়লেও তাদের সহযোগীরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।