কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
নিহতরা হলেন ঝর্না বেগম (৪০), তাঁর স্বামী মুফতি আব্দুল মমিন (৫০), তাঁদের মেয়ে লাবিবা (১৮) ও ছেলে সাইফ (৭)। তাঁরা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। এছাড়া নিহত অপর ব্যক্তি প্রাইভেট কারের চালক জামাল হোসেন, যার বাড়ি বরিশালে।
নিহত চারজনই খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য বলে জানা গেছে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চালক জামাল হোসেন ও যাত্রী আবরারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। আহত আবরার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।