ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তার জানাজার সময় ও স্থানেও পরিবর্তন আনা হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার নয়, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় কবির কবরের পাশেই তাকে দাফন করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে রওনা দিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।