চলতি বছরের জনপ্রিয় সিনেমা গান কন্যা এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা সম্প্রতি বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কার গ্রহণের পর কনা নিজের আনন্দ ও ভালো লাগার মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
কনা এই মুহূর্তে বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম আলোচিত শিল্পী। বিশেষ করে দুষ্টু কোকিল গানটির সুপারহিট হওয়ার পর তার স্টেজ শোও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ঢাকার ভিতরে ও দেশের বাইরে তার ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে, তবুও নিজের মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে কনা পিছিয়ে নেই।
এর ধারাবাহিকতায় আগামীকাল, ১৩ নভেম্বর, ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে কনার নতুন গান ভিতরও বাহিরে, যেখানে তার সঙ্গে ফিচারিং করেছেন সংগীতশিল্পী ফুয়াদ। গানটি লিখেছেন আব্দার রহমান, এবং কনা বলছেন, গানটির সুর ও কথায় শ্রোতার হৃদয় স্পর্শ করবে।
কনা বলেন, “কন্যা গানের জন্য সম্মানিত হওয়ায় খুব ভালো লাগছে। এই গানটি দর্শক ও শ্রোতার কাছে এ বছরের অন্যতম হিট গান হিসেবে জায়গা করেছে। নতুন গান ভিতরও বাহিরে নিয়েও আমার প্রত্যাশা অনেক। আশা করি গানটি সবার মন ছুঁয়ে যাবে।” তিনি আরও জানান, স্টেজ শোও অব্যাহত থাকবে। ১৩ নভেম্বর ঘাটাইল ক্যান্টনম্যান্টে, এবং ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় স্টেজ শোতে তিনি গান পরিবেশন করবেন।