Ridge Bangla

কক্সবাজারে সৈকতে মৃত ডলফিন; শরীরে আঘাতের চিহ্ন

কক্সবাজারের উখিয়া মনখালী সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গত কয়েক দিনের মধ্যে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। এর আগে টেকনাফের শীলখালী সমুদ্রসৈকতেও একই ধরনের একটি মৃত ডলফিন পাওয়া গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মনখালী সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ডলফিনটি ভেসে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, “সকাল থেকেই সৈকতে বড় আকৃতির একটি মৃত ডলফিন পড়ে ছিল। শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।” তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি সৈকতেই পড়ে ছিল।

স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন জানিয়েছেন, ডলফিনটি হয়তো নৌযানের প্রপেলারের আঘাত অথবা জালে আটকে আহত হয়ে মারা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত জরুরি। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় একাধিক মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, দ্রুত ডলফিনটি সৈকত থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে, যা শরীরে আঘাতের চিহ্নযুক্ত ছিল। এছাড়া চলতি মাসে জেলার বিভিন্ন উপকূলীয় পয়েন্টে ৫টি মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে।

This post was viewed: 11

আরো পড়ুন