Ridge Bangla

কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৮ জন

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সেনাবাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত আড়াইটার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত ছিল। এ সময় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কলাতলীর দক্ষিণ আদর্শগ্রামে জনবসতির মধ্যেই রামুর এন আলম গ্রুপ অব কোম্পানির গ্যাস পাম্পটি সম্প্রতি চালু করা হয়। বুধবার সন্ধ্যায় পাম্পে গ্যাস আনলোড করার সময় ট্যাংক থেকে গ্যাস লিকেজ হলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও গ্যাস নির্গমন বন্ধ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে পাম্পের ১০০ মিটারের মধ্যে আগুন ব্যবহার না করতে মাইকিং করা হয়। তবে পাশের একটি জিপ মেরামতের কারখানায় অসাবধানতাবশত সিগারেট ধরানোর ফলে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন