Ridge Bangla

ওসমান হাদি হত্যাকাণ্ড ভয়াবহ, বাংলাদেশে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি এই হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সহিংসতা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী এক বিবৃতিতে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংসতার ভয়াবহ দৃষ্টান্ত। তিনি বলেন, গত আগস্টের পর থেকে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

বিবৃতিতে মীনাক্ষী গাঙ্গুলী আরও বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি ভয়ংকর আঘাত। তাঁর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উস্কানি এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।

হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, এই পরিস্থিতি শুধু ব্যক্তি নিরাপত্তার জন্য নয়, গণতান্ত্রিক পরিসরের জন্যও গুরুতর হুমকি। সংস্থাটি বাংলাদেশের সরকারের প্রতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং আইনের শাসন জোরদার করার আহ্বান জানিয়েছে।

This post was viewed: 18

আরো পড়ুন