Ridge Bangla

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি ভবনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বিদেশে অবস্থিত সব বাংলাদেশ দূতাবাসেও একই কর্মসূচি পালন করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।

This post was viewed: 11

আরো পড়ুন