Ridge Bangla

ওসমান হাদির জানাজা শনিবার জাতীয় সংসদ ভবনে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ, ভারী বস্তু বা সন্দেহজনক সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে জানাজার সময় জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছায়। ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। বিমানবন্দরে হাদির মরদেহ ৮ নম্বর গেট দিয়ে বের করা হয় বলে জানানো হয়েছে। এ উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকা কঠোর নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছিল।

This post was viewed: 16

আরো পড়ুন