Ridge Bangla

ওয়াকআউটের পর আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর এবার রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি, কিন্তু সংসদ ত্যাগ করিনি। আমরা সংসদের অংশ হিসেবেই আছি। তবে দাবি আদায়ে এখন আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের প্রস্তাব দিয়ে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তাই সংশোধন-সংক্রান্ত কোনো সংসদীয় কমিটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, বিরোধী দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, সম্ভাব্য কমিটিতে সরকার ও বিরোধী দলের সমানসংখ্যক সদস্য থাকতে হবে। তবে এ প্রস্তাবে সরকার আপত্তি জানালে আলোচনা অচল হয়ে পড়ে।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তারা ওয়াকআউট করেছেন এবং শিগগিরই ১১-দলীয় জোটের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন