Ridge Bangla

ওপেনএআই বোর্ড ছাড়লেন ল্যারি সামার্স

ওপেনএআই এর বোর্ড থেকে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স। গত সপ্তাহে জেফ্রি এপস্টিনের সঙ্গে তার ইমেইল যোগাযোগ প্রকাশ্যে আসার পর তিনি এই সিদ্ধান্ত নেন। এ বিষয়ে সামার্স বলেন, এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে তিনি সাময়িকভাবে জনজীবনের নানা ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি বিবিসি নিউজকে বলেন, “সেবা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ, ওপেনএআই-এর ভবিষ্যৎ আমাকে উচ্ছ্বসিত করে, এবং দূর থেকে তাদের অগ্রগতি দেখার প্রত্যাশা রাখি।”

সম্প্রতি প্রকাশিত ইমেইলগুলোতে দেখা যায়, ২০১৯ সালে নাবালিকা যৌনপাচারের অভিযোগে গ্রেফতারের আগের দিন পর্যন্ত সামার্স এপস্টিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ইমেইলে তাদের বহুবার একসঙ্গে ডিনারের তথ্যও উঠে আসে। তবে এসব নথিতে সামার্স বা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত অপরাধের ইঙ্গিত নেই। ওপেনএআই এক বিবৃতিতে সামার্সের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছে, “বোর্ডে তার অবদান ও দৃষ্টিভঙ্গি আমরা গভীরভাবে মূল্যায়ন করি।”

এদিকে মার্কিন কংগ্রেসও এপস্টিন সংক্রান্ত সব নথি প্রকাশে বিচার বিভাগকে বাধ্য করার বিল অনুমোদন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তিনি সম্প্রতি অবস্থান পরিবর্তন করেন। ইমেইলগুলো প্রকাশের পর সামার্স বলেন, এপস্টিনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা তার ভুল সিদ্ধান্ত ছিল এবং তিনি বিশ্বাস স্থাপনের চেষ্টা করছেন।

সামার্স ক্লিনটন প্রশাসনে ট্রেজারি সেক্রেটারি এবং ওবামা প্রশাসনে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট সামার্স বর্তমানে সেখানেই অধ্যাপনা করছেন। সোমবার তিনি আরও জানান, গবেষণা ও শিক্ষাদানের দায়িত্ব চালিয়ে যাবেন।

ওয়াশিংটনের লিবারেল থিংক ট্যাঙ্ক ‘সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস’ও নিশ্চিত করেছে যে সামার্স আর তাদের সঙ্গে যুক্ত নন। তিনি ২০২৩ সালে ওপেনএআই বোর্ডে যোগ দিয়েছিলেন, যখন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে সরানোর ব্যর্থ প্রচেষ্টার পর বোর্ড পুনর্গঠিত হয়।

This post was viewed: 111

আরো পড়ুন