Ridge Bangla

ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু। শুক্রবার (৫ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান লেখেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছিল স্মরণীয় একটি দিন, যেদিন দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। তিনি উল্লেখ করেন, এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন এবং অসাংবিধানিক শাসন জারি করেন। এতে বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে যায়, যার সূচনা করেছিলেন স্বাধীনতার ঘোষণা দাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, দীর্ঘ নয় বছরের অক্লান্ত সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দেন এবং ছাত্র-জনতার মিলিত শক্তিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার হয়। তারেক রহমান দাবি করেন, সেই গণতান্ত্রিক চেতনার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা আবারও এক ‘ফ্যাসিবাদী শক্তিকে’ পরাজিত করেছে।

তারেক রহমান আরও লিখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রার চিরশত্রু। শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সময়ে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে এবং আজ তার জীবন চরম সংকটে। ১৯৮২ থেকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যেন গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান আর কখনও না ঘটে।

This post was viewed: 28

আরো পড়ুন