Ridge Bangla

ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা জরুরি। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০-দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে বিভক্ত করে, তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা সুবিধা আদায়ের জন্য জাতিকে বিভক্ত রাখে, কিন্তু জনগণ আর এ সুযোগ দেবে না। তিনি আরও বলেন, “আমরা ১০টি দল একত্র হয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে দেশ কখনো বিভক্ত হবে না।”

জনসভায় তিনি সিরাজগঞ্জের শিল্প-অর্থনীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একসময় সিরাজগঞ্জ ছিল তাঁত শিল্প ও গাভী পালন কেন্দ্র। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাঁত শিল্পের অবস্থা দিশাহীন, গাভী পালনও বন্ধের পথে। শফিকুর রহমান আশ্বাস দেন, ১০ দলের জোট যদি বিজয়ী হয়, তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে।

সিরাজগঞ্জের খামারিদের বিষয়ে তিনি বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে বিদেশ থেকে পাঁচ হাজার কোটি টাকার গুড়া দুধ আমদানি করা হয়েছে, অথচ স্থানীয় খামারিরা ন্যায্যমূল্য না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুধ ফেলে দেয়। তিনি বলেন, সিরাজগঞ্জে আধুনিক ও বৈজ্ঞানিকভাবে দুধ প্রক্রিয়াজাত করলে খামারিরা লাভবান হবেন এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

This post was viewed: 4

আরো পড়ুন