Ridge Bangla

‘ঐক্যই আমাদের শক্তি’: বিজয় র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ১ ডিসেম্বর ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেন।

সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডিসেম্বর মাস আমাদের জাতির পরিচয়ের একটি অনন্য মাইলফলক। ১৯৭১ সালের এ মাসেই আমাদের জাতি চূড়ান্তভাবে রুখে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের, যাঁদের রক্তে আমাদের স্বাধীনতার ভিত্তি আরও দৃঢ় হয়েছে।

তিনি বলেন, এ জাতি প্রয়োজনের মুহূর্তে সবসময়ই ঐক্যবদ্ধ হতে জানে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা দেশমাতৃকার সংকটে একসাথে দাঁড়াই। ইতিহাস বারবার এই সত্যের সাক্ষ্য বহন করেছে। বিজয়ের এই মাস আমাদের সেই ঐক্যবদ্ধতার চেতনাকে আরও শক্তিশালী করুক- এই কামনা করি।

উপাচার্য আরও বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের সুনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ করেছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান বারবার প্রমাণ করেছে- স্বাধিকার, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে আমরা অটল। আজ আমরা জাতির এই অর্জনকে স্মরণ করছি। প্রার্থনা করি- এই চেতনা ভবিষ্যতেও আমাদেরকে আরও সুসংগঠিত ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলুক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মানুষের মমতায় বেঁচে থাকে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমরা শক্তি পাই। আজকের এই বিজয় র‌্যালির মধ্য দিয়ে মাসব্যাপী যে কর্মসূচি শুরু হচ্ছে- এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়; এটি জাতির সম্মিলিত আয়োজন। দেশের মানুষ বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াতলে সমবেত হয়ে আমাদের হাতকে শক্তিশালী করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

উপাচার্য বলেন, আমরা চাই- এই বিজয়ের মাস জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠুক। আমাদের সমাজে ভাঙনের কোনো সুর যেন না শোনা যায় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা আমাদের পথচলার প্রধান শক্তি।

This post was viewed: 27

আরো পড়ুন