Ridge Bangla

এশিয়া কাপ আর্চারিতে ইতিহাস গড়ে প্রথমবার সোনা জিতল বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার বাইরে আর্চারির কম্পাউন্ড ইভেন্টে এর আগে কখনো সোনা জিতেনি বাংলাদেশ। এবার প্রথমবারের মতো সেই স্বপ্ন পূরণ করল বাংলাদেশের ছেলেরা।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং আর্চারি টুর্নামেন্টের প্রথম স্টেজে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয় ভিয়েতনাম। ফাইনাল ম্যাচে বাংলাদেশ চমক দেখিয়ে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেয়। এটি এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়।

এর আগে ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় এবং ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দলগত ইভেন্টে দুবার রুপা জিতেছিল। সোনা জেতার কীর্তি এবারই প্রথম দেখাল বাংলাদেশ।

বাংলাদেশ দল প্রথম সেটে ভিয়েতনামের ৫৫ পয়েন্টের বিপরীতে ৫৭ পয়েন্ট করে এগিয়ে যায়। এরপর পুরো ম্যাচেই লিড ধরে রাখে বাংলাদেশ। চতুর্থ সেটে কিছুটা পিছিয়ে পড়লেও সামগ্রিকভাবে তারা তিন পয়েন্ট এগিয়ে ছিল। পঞ্চম ও শেষ সেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ স্বর্ণ নিশ্চিত করে।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গঠিত এই দল ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথমবার এমন ঐতিহাসিক বিজয় অর্জন করে।

বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯.৬২। সবচেয়ে ভালো করেছেন হিমু বাছাড়। তার গড় স্কোর ৯.৭৫। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ জন আর্চার।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ আর্চারিতে যত ইতিহাস গড়েছে, সবই রিকার্ভ ইভেন্টে। রোমান সানা বিশ্বকাপ ও এশিয়া কাপে পদক জিতেছিলেন রিকার্ভ ইভেন্টে। দিয়া সিদ্দিকি এশিয়া কাপে ভালো সাফল্য পেয়েছিলেন রিকার্ভ ইভেন্টেই। এছাড়া এ দুজন অলিম্পিকে খেলেছিলেন। এবারই প্রথম কম্পাউন্ড ইভেন্টে এমন দারুণ সাফল্য অর্জন করল বাংলাদেশ দল।

This post was viewed: 2

আরো পড়ুন