বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও একদিন পিছিয়ে গেছে। তাকে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এটি শুক্রবার আসছে না। সব কিছু ঠিকঠাক থাকলে শনিবার এসে পৌঁছাতে পারে। এরপর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও ম্যাডামের শারীরিক অবস্থা অনুকূল থাকলে ৭ তারিখ অর্থাৎ রোববারই তিনি লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন।”
এদিকে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুক্রবার সকালে পরিকল্পনায় পরিবর্তন আনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মির্জা ফখরুল।
অন্যদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন তিনি।