Ridge Bangla

এভারকেয়ার হাসপাতালে পৌঁছালেন ডা. জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে এসে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালের প্রবেশদ্বারে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে নিরাপত্তা বেষ্টনী নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিমানবন্দর সূত্র জানায়, দেশে ফিরেই তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হালনাগাদ জানতে হাসপাতালে যান। খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও স্থানান্তর পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের প্রস্তুতিতে নতুন জটিলতা দেখা দিয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি। কারিগরি ত্রুটির কারণে শুক্রবার বিমানটি আসবে না বলে জানিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় নামছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে। তিনি আরও জানান, ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে।

This post was viewed: 33

আরো পড়ুন