রাজনৈতিক সহিংসতায় চট্টগ্রামে একের পর এক প্রাণ ঝরেই চলেছে। এবার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের শ্রমিকদল নেতা আব্দুল মান্নানকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন মান্নান। পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় কাজ শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, সরফভাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নাজের সওদাগরের ছেলে আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন।