দেশের জ্বালানি চাহিদা পূরণে এপ্রিল মাসের জন্য ৯টি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে আটটি কার্গো স্পট মার্কেট থেকে কেনা হওয়ায় সরকারকে তুলনামূলক বেশি, প্রায় দ্বিগুণ মূল্য গুনতে হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এপ্রিল মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে। এর মধ্যে আট কার্গো স্পট মার্কেট থেকে সংগ্রহ করা হয়েছে, আর একটি কার্গো দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়তি থাকায় স্পট মার্কেট থেকে কেনা গ্যাসের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি এমএমবিটিইউ (১০ লাখ মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির গড় দাম পড়েছে প্রায় ২১ মার্কিন ডলার, যা দীর্ঘমেয়াদি চুক্তির তুলনায় অনেক বেশি।