ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে দেশজুড়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সমবেত হন। তাঁদের উপস্থিতিতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের প্রধান তিন দাবি হলো এনইআইআর ব্যবস্থার সংস্কার, মোবাইল বাজারে সিন্ডিকেট প্রথা বন্ধ এবং বৈধ পথে মোবাইল আমদানির সুযোগ সহজ করা। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা বহুবার সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও কোনো পক্ষ থেকে সাড়া মেলেনি। আলোচনায় বসলে সমাধান সম্ভব ছিল, কিন্তু এখন ব্যবসায়ীরা দোকান বন্ধের ঘোষণায়ও বাধ্য হচ্ছেন।
ব্যবসায়ীদের আশঙ্কা, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়ন শুরু হলে লাখ লাখ ছোট-বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে এবং বাজারে এক ধরনের সিন্ডিকেট প্রভাব বিস্তার করবে। তাঁরা দাবি করেন, এই ব্যবস্থায় বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে; অন্যদিকে বাড়তি কর ও জটিলতায় গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে। এদিকে সরকার জানিয়েছে, এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত সব মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে, ফলে অবৈধভাবে আমদানি করা ফোন আর নেটওয়ার্কে চালানো যাবে না। একই সঙ্গে বৈধ আমদানিতে শুল্কহার কমানোর পরিকল্পনা এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধার বিষয়টিও বিবেচনায় রয়েছে।