Ridge Bangla

একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৯৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সবচেয়ে বেশি, মোট ১৫৭ জন। এরপর চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫০ জন, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩৫ জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা নিয়ে ৩৫৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৭ হাজার ৪৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৩৪ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল শুরু হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে। এডিস মশার বিস্তার রোধে এখনই যথাযথ ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

This post was viewed: 144

আরো পড়ুন