Ridge Bangla

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতির নির্দেশ দিয়েছে সরকার

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে অনুষ্ঠিত একটি কর্মশালায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা দিন দিন বাড়ছে। গত কয়েক দিনের অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জনগণের এই প্রত্যাশা পূরণ করাই এখন ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবু কমিশন স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ- এ প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোকেও দেওয়া হয়েছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক বাস্তবতা খুব একটা সহজ নয়। তবে তিনি বিশ্বাস করেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে সামগ্রিক পরিস্থিতি শান্ত হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ দায়িত্বশীল এবং বিজ্ঞ, তাঁরা দেশের বৃহত্তর স্বার্থেই সিদ্ধান্ত নেবেন।

তিনি জানান, আগামী সপ্তাহে গণভোট সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। আইন পাস হলেই কমিশন গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবে।

This post was viewed: 35

আরো পড়ুন