Ridge Bangla

উখিয়ায় স্বামীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ রহিমার মরদেহ মিলল ৭ দিন পর

কক্সবাজারের উখিয়ায় সাত দিন ধরে নিখোঁজ থাকার পর রহিমা আক্তার (৩০) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পাশের ঝোপঝাড় থেকে বস্তাভর্তি লাশটি পাওয়া যায়।

পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে বস্তাটি দেখতে পান এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রহিমা হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী এবং জালিয়াপালং ইউনিয়নের আমির হোসেনের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে বের করেন। এরপর থেকেই রহিমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একইদিন থেকে স্বামী জসিমও পলাতক।

স্বজনরা ধারণা করছেন, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী। স্থানীয় এলাকাতেও এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন