Ridge Bangla

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসকারী ৬২২ রোহিঙ্গাকে আটক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে শনিবার যৌথবাহিনী অভিযান চালিয়েছে। অভিযানের সময় ক্যাম্পের বাইরে অবস্থান করা প্রায় ৬২২ রোহিঙ্গাকে আটক করে পুনরায় নিরাপদভাবে ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ক্যাম্পের বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের শনাক্ত করে তাঁদের বাধ্যতামূলকভাবে ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, নির্বাচনকালে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত অবস্থান আইনশৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। তাই নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে ক্যাম্পে ফিরিয়ে আনা হচ্ছে।

রোহিঙ্গা নুর কামাল বলেন, “কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। কিন্তু প্রশাসন নির্দেশ দিয়েছে, আমাদের অবশ্যই ক্যাম্পের ভেতরে থাকতে হবে।”

অপর আটক রোহিঙ্গা আবদুল হাকিম ওরফে ভুলু বলেন, “আমরা নিয়ম ভেঙে বাইরে ছিলাম। প্রশাসন আমাদের বুঝিয়ে ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান নিয়মিত অভিযান চালানোর কারণ। রোববার অভিযানকালে প্রায় ৬২২ জনকে ক্যাম্পে ফিরিয়ে আনা হয়েছে। এ ধরনের অভিযান আগেও দোহাজারি ও অন্যান্য এলাকায় চালানো হয়েছে।”

This post was viewed: 2

আরো পড়ুন