পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে পাকশী লালনশাহ সেতুর পশ্চিম পাড়ের টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদী জোন ডিএসবিতে কর্মরত ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) এবং এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিম প্রান্তে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টোল প্লাজার কাছে ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে দুজনই সড়কে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হন। এতে উভয়েই ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে স্থানীয় থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা ঘটার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি ঘাতক কাভার্ডভ্যানের চালকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।