Ridge Bangla

ঈশ্বরদীতে বিএনপি–জামায়াতের সংঘর্ষে লুট হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষের সময় লুট হয়ে যাওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও চরগড়গড়ি গ্রামের বাসিন্দা মক্কেল মৃধার বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। রবিবার বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুন নুর।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম জানান, সংঘর্ষে মোটরসাইকেল লুটের ঘটনায় জামায়াতে ইসলামীর করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশেই লুকিয়ে রাখা ছিল উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল। পরে সেগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক বলেন, সংঘর্ষের সময় তাদের বহু মোটরসাইকেল লুট হয়। “৯টি উদ্ধার হয়েছে জেনে আমরা স্বস্তি পেয়েছি। বাকি মোটরসাইকেলগুলো উদ্ধারে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।”

তবে সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর দাবি ভিন্ন। তিনি বলেন, “জামায়াতের মোটরসাইকেল বিএনপির কেউ লুট করেনি। সংঘর্ষের সময় এলাকাবাসীর চাপের মুখে তারা মোটরসাইকেল ফেলে পালিয়েছে। পরে কে বা কারা সেগুলো বাঁশঝাড়ে লুকিয়ে রেখেছে, আমরা জানি না।”

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি যগির মোড়ে বিএনপি–জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন, কয়েকজন গুলিবিদ্ধও হন।

This post was viewed: 30

আরো পড়ুন